মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
শিক্ষার গুণগত মান ও এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করায় লৌহজং উপজেলার ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজকে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ প্রদান করা হয়েছে। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রতিষ্ঠানটির অধ্যক্ষের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। জেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তানজীমা সুলতানা পারভীনের হাতে সম্মাননা স্মারকটি হস্তান্তর করা হয়। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ পারদর্শিতার কারণে প্রতিষ্ঠানটিকে এই মাসের সেরা হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্বায়নের এই যুগে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। পাঠদানের পূর্বে যথাযথ লেসন প্ল্যান তৈরি এবং অভিভাবক কাউন্সেলিংয়ের প্রতি জোর দেওয়ার জন্য তিনি শিক্ষক ও কর্তৃপক্ষকে আহ্বান জানান। একই সাথে তিনি মন্তব্য করেন, সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই পিতামাতার সবচেয়ে বড় বিনিয়োগ।
উল্লেখ্য, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে গুণগত শিক্ষার মান বৃদ্ধি ও সুস্থ প্রতিযোগিতা সৃষ্টির উদ্দেশ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন প্রতি মাসে একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দিয়ে আসছে। এই উদ্যোগ জেলার সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
১৪২ বার পড়া হয়েছে