পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়, বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার না করার বিধান সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে চলতি বছরের মধ্যেই আইনটি প্রণয়ন করা হতে পারে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি জানান, সাইবার সুরক্ষা আইন নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষ হওয়ার পর আইনটি চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে। তবে আইনটি স্পর্শকাতর হওয়ায় সরকার তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না।
ডিবিসি নিউজের সাংবাদিকদের গ্রেপ্তারের খবর নাকচ
বুধবার ডিবিসি নিউজের সাংবাদিকদের গ্রেপ্তারের খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তা নাকচ করেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ডিবিসি নিউজের সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়নি। তাঁদের সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য, সাংবাদিকদের নিরাপত্তার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখার বিষয়টিও বিবেচনায় ছিল। এ কারণে হয়তো তাঁদের কিছু সময়ের জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে তিনি বলেন, ‘আইনের ঊর্ধ্বে তো কেউ নন।’
শ্রমিক আন্দোলন নিয়ে মন্তব্য
চলমান তৈরি পোশাকশিল্পের শ্রমিক আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। তাঁর মন্তব্য, বর্তমানে গার্মেন্টস খাতে যে আন্দোলন চলছে, তা মূলত রাজনৈতিকভাবে ফ্রেম করা একটি বিষয়।
১৭৬ বার পড়া হয়েছে