সর্বশেষ

খেলা

এক ম্যাচে ৫৩ লাল কার্ড, ব্রাজিলের ফুটবলে নজিরবিহীন ঘটনা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফুটবল মাঠে সংঘর্ষ ও চরম বিশৃঙ্খলার ঘটনায় এক ম্যাচে ৫৩টি লাল কার্ড দেখানোর নজির তৈরি হয়েছে ব্রাজিলে। দেশটির মিনাস জেরাইস অঙ্গরাজ্যের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথম লেগে উবেরলান্দিয়া ও মামোরের ম্যাচে ঘটেছে এই ঘটনা।

ম্যাচ রেফারির আনুষ্ঠানিক প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে উত্তেজনার সূত্রপাত হয়। উবেরলান্দিয়ার এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর পর দলটির কয়েকজন কর্মকর্তা মাঠে প্রবেশ করেন। এতে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে খেলা।

পরে খেলা শুরু হলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। ইনজুরি সময়ের নবম মিনিটে (৫৪তম মিনিট) গোল করে মামোরেকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন দলের ফরোয়ার্ড দাভি।

গোল উদ্‌যাপন থেকে সংঘর্ষ

ব্রাজিলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গোল উদ্‌যাপনের সময় উবেরলান্দিয়ার খেলোয়াড়দের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য করেন দাভি। এরপরই দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ম্যাচ রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রসগিচ মোদেস্তো তাঁর প্রতিবেদনে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং মাঠে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় ম্যাচটি তাৎক্ষণিকভাবে শেষ ঘোষণা করতে বাধ্য হন তিনি।

লাল কার্ড ৫৩টি, অভিযোগ পুলিশের কাছে

সংঘর্ষের ঘটনায় দুই দলের ৪৩ জন খেলোয়াড়, কোচিং স্টাফের ৮ সদস্য এবং উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের ২ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়। সব মিলিয়ে লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩টি।

এ ঘটনায় রেফারিকে হুমকি দেওয়া এবং ড্রেসিংরুম ভাঙচুরের অভিযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

ফাইনালে মামোরে

পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে না নামার সিদ্ধান্ত জানিয়েছে উবেরলান্দিয়া। ফলে মামোরেকে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম লেগের জয় এবং ওয়াকওভারের সুবাদে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে মামোরে।

ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড

এর আগে একটি ফুটবল ম্যাচে সর্বোচ্চ ৩৬টি লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের দল আতলেতিকো ক্লায়েপোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের ম্যাচে এই ঘটনা ঘটেছিল।

এবার ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবলে ৫৩টি লাল কার্ড দেখানোর ঘটনায় সেই রেকর্ড ভেঙে নতুন নজির তৈরি হলো।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০