খুলনার রূপসায় নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে সোহাগ নামের একজন খুলনার শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় দুটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে বিষয়টি থানায় জানানো হলে রূপসা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করে।
উদ্ধার হওয়া নিহত সোহাগের বাড়ি বরিশাল জেলায় হলেও সে খুলনার রাজাপুর এলাকায় বসবাস করত। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সে খুলনার শীর্ষ সন্ত্রাসী সংগঠন বি কোম্পানির সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তবে আলামিন নামের অপর নিহতের পরিচয় ও তার পেছনের ঘটনা খতিয়ে দেখছে রূপসা থানা পুলিশ।
এদিকে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানিয়েছেন, জোড়া মরদেহ উদ্ধারের এই চাঞ্চল্যকর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অনুসন্ধান চলছে। জড়িত অপরাধীদের গ্রেপ্তার করতে ইতোমধ্যেই বিশেষ তৎপরতা চালাচ্ছে পুলিশ।
১১০ বার পড়া হয়েছে