এবার ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ, আজও ছুটির ঘোষণা বহু কারখানায়
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিক। সোমবার দুপুরে শ্রমিকদের এ কর্মসূচির কারণে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
সোমবার সকাল থেকে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন তাঁরা। উদ্ভূত পরিস্থিতিতে এসব শিল্পাঞ্চলে আজ দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের আন্দোলনের কারণে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা অংশ নিয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকেরা। এর প্রায় আধা ঘণ্টা পর তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।
ঘটনার বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
একটি শ্রমিক সংগঠনের নেতা জানান, শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছেন। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতেই তাঁরা সড়ক অবরোধ করেছেন।
১০৯ বার পড়া হয়েছে