সিলেটে বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের দক্ষিণ সুরমায় বালুভর্তি একটি ডাম্প ট্রাকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাম্প ট্রাকটিও।
সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ মামুন। এ সময় তাঁর সঙ্গে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানার চকের বাজার এলাকায় সোহেল অটো রাইস মিলের সামনে চন্ডিপুল থেকে জালালপুরগামী সড়কে একটি নম্বর প্লেটবিহীন বালুভর্তি ডাম্প ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের বালুর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার রাজাপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪) এবং বিমানবন্দর থানার ছালিয়া পশ্চিম পাড়া, রঙ্গিনটিলা এলাকার আসলাম আলীর ছেলে মাহবুব আলম (২১)।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
১১৮ বার পড়া হয়েছে