ব্যক্তিগত জীবন আড়ালে রাখেন কেন, জানালেন তাসনিয়া ফারিন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না অভিনেত্রী তাসনিয়া ফারিন। নিজের মতো করে ব্যক্তিগত পরিসরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তাঁর মতে, ব্যক্তিগত জীবনের অতিরিক্ত প্রকাশ থেকে অনাকাঙ্ক্ষিত আলোচনা ও বিচার-বিশ্লেষণের জন্ম হতে পারে।
ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তাসনিয়া ফারিন জানান, ১০ বছরের সম্পর্কের পর দুই বছরেরও বেশি সময় ধরে তিনি বিবাহিত। তবে স্বামী ও নিজের পারস্পরিক সিদ্ধান্তেই পারিবারিক জীবন প্রচারের বাইরে রাখেন তাঁরা।
ফারিন বলেন, ‘ব্যক্তিগত জীবন আমি সব সময় আলোর বাইরে রাখতে পছন্দ করি। আমার স্বামী ও আমার পারস্পরিক সিদ্ধান্তেই আমরা পারিবারিক জীবন প্রচারের বাইরে রাখি। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবনের অতিরিক্ত প্রকাশ অনাকাঙ্ক্ষিত আলোচনা ও জাজমেন্ট তৈরি করে।’
নিজের জীবনযাপনের ধরন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। শোবিজের কাজের সময়সূচি অনিয়মিত হলেও ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করেন তিনি। স্কুল-কলেজে পড়ার সময় থেকেই এই অভ্যাস গড়ে উঠেছে বলে জানান ফারিন।
তিনি বলেন, ‘শুটিং না থাকলে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘুমিয়ে পড়ি, উঠি খুব ভোরে। নিজের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করি, ঘর গোছাই, শরীরচর্চা করি।’
নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তাসনিয়া ফারিন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। প্রায় নয় বছর আগে সিনেমায় অভিনয়ের সুযোগ এলেও তখন সময় অনুকূলে না থাকায় বড় পর্দায় তাঁকে দেখা যায়নি।
দুই বছর আগে ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ফারিনের। এরপর চলতি বছর ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে চিত্রনায়িকা হিসেবে নিজের পরিচিতি আরও বাড়ান তিনি।
তবে ‘প্রিন্স’ সিনেমায় ফারিনের অভিনয় ও চরিত্রের উপস্থিতি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কারও কারও মতে, সিনেমাটিতে নায়িকা হিসেবে তাঁর ভূমিকা ছিল সীমিত। ফলে নিজের অভিনয় প্রতিভা পুরোপুরি তুলে ধরার সুযোগ পাননি তিনি।
১৪৬ বার পড়া হয়েছে