আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের জেরে সোমবার শিল্পাঞ্চল আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা স্বাভাবিক নিয়মে কাজে যোগ দেন। তবে নিশ্চিন্তপুর এলাকার নিউএজ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন।
পরে সকাল সাড়ে ৯টার দিকে নিউএজ কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা বাইরে বেরিয়ে এসে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা আশপাশের অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনন্ত, টাউজার লাইন, হনরোল, আলমুসলিম, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ ও বেঙ্গল গ্রুপসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছে শিল্প পুলিশ।
এদিকে, বিক্ষুব্ধ শ্রমিকেরা হামিম গ্রুপের সামনে বিক্ষোভ করতে গেলে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটে।
এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ আহত হন।
শিল্পাঞ্চলে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এপিবিএন সদস্যসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
১১০ বার পড়া হয়েছে