সর্বশেষ

জাতীয়

সংবাদ সম্মেলনে এসে শ্রমিক প্রতিনিধিরা যা জানালেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে নতুন ন্যূনতম মজুরি কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। এ লক্ষ্যে মজুরি বোর্ডের কার্যক্রমে দীর্ঘসূত্রতা পরিহার করে দ্রুত ও ধারাবাহিক বৈঠকের মাধ্যমে মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছেন তাঁরা। প্রয়োজনে সারা রাত আলোচনা চালিয়ে হলেও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আক্তার।

তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। সে হিসাবে চলতি বছরের ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে। তাই এবার যে মজুরি নির্ধারণ করা হবে, তা যেন ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকদের হাতে পৌঁছায়, সেটি নিশ্চিত করতে হবে।

বাবুল আক্তার বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য নয়। আগের মতো ১৫ দিন পরপর বৈঠক কিংবা কোনো প্রতিনিধি দেশে থাকবেন কি না, এমন অজুহাতে আলোচনা পিছিয়ে দেওয়া যাবে না। একটি বৈঠকের পর পরবর্তী বৈঠকের জন্য এক বা দুই দিনের বিরতি দিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনে সারা রাত বৈঠক করে হলেও দ্রুত মজুরি নির্ধারণ করতে হবে। শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো জরুরি।

মজুরি বোর্ড গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করে এই শ্রমিক নেতা বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড গঠনের কথা থাকলেও বাস্তবে তা অনেক দেরিতে করা হয়েছে।

এদিকে, শ্রমিকদের আন্দোলন দমাতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা ও সাধারণ শ্রমিকদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরেরও অভিযোগ তোলেন বাবুল আক্তার।

সংবাদ সম্মেলন থেকে গ্রেপ্তার শ্রমিকদের দ্রুত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন।

এ সময় মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ অন্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০