বরিশালে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা, হত্যার হুমকির অভিযোগ
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশাল নগরীর জিয়া সড়কে এক বীর মুক্তিযোদ্ধার জমি জবরদখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ কনস্টেবল মো. নাজমুল হক মোল্লা, তাঁর স্ত্রী ও ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা। আদালতের নির্দেশে গত ১ নভেম্বর সরেজমিন তদন্ত করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কে বগুড়া আলেকান্দা মৌজায় এসএ ২৩৫/২৯০৬ নম্বর দাগে ২২ শতাংশ জমি ২০১৪ সালে ক্রয় করেন বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুর রহমান খান ও তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম। এসএ ৩০৬ নম্বর খতিয়ানের সৃজিত ৯০০৯ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত ওই জমিতে তাঁরা বৈধভাবে বাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছিলেন।
বাদী মো. আমিনুর রহমান খান (পিতা: মৃত মকবুল আহমেদ খান) সরকারি চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করতেন। এ সুযোগে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সরল বিশ্বাসে ১ ও ২ নম্বর বিবাদীকে মাসিক আট হাজার টাকা ভাড়ায় ওই বাড়িতে থাকার অনুমতি দেন।
অভিযোগে বলা হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাদী ভাড়াটিয়াদের বাড়ি ছেড়ে দেওয়ার কথা জানাতে গেলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় পটুয়াখালীর বাউফল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. নাজমুল হক মোল্লা ও তাঁর স্ত্রী ক্ষমতার প্রভাব দেখিয়ে বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি মারধরের ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন বাদী।
মামলার অন্য বিবাদীরা হলেন নাজমুল হক মোল্লার স্ত্রী পুতুল বেগম ও ছেলে সালমান ইসলাম সানি। তাঁদের সঙ্গে আরও পাঁচ থেকে ছয়জন ব্যক্তি জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিবাদীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন বলেও দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আবু আব্দুল্লাহ স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। নোটিশে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১ নভেম্বর সরেজমিন তদন্তের সময় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। আদালতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এমপি মামলা (নং-২১২/২০২৬, কোতোয়ালি) দায়ের করা হয়েছে।
আদালতের নির্দেশে গত ১ নভেম্বর ২০২৬ তারিখে তদন্ত কর্মকর্তা সরেজমিনে তদন্ত করেন। জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা পরিবারটি প্রশাসনের কাছে ন্যায়বিচার এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
তবে অভিযোগের বিষয়ে বিবাদীদের বক্তব্য জানা যায়নি।
১৩৩ বার পড়া হয়েছে