পাবনা মানসিক হাসপাতালে এনএসআইয়ের অভিযান: ৪ দালালের কারাদণ্ড
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৭:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার অভিযোগে চার দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আদালত তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাবনা মানসিক হাসপাতালে আসা অসহায় রোগী ও তাদের স্বজনদের ফুসলিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছিল। একই সঙ্গে রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠছিল। এমন তথ্যের ভিত্তিতে রোববার সকালে এনএসআই পাবনা কার্যালয়ের একটি দল পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে হাতেনাতে আটক করা হয় চার দালালকে। আটককৃতরা হলেন পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার ইদ্রিস আলী, জাকির হোসেন, মাসুদ রানা এবং কিসমত প্রতাপুর এলাকার সুজন আলী। পরে তাদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদ আটক ব্যক্তিদের অপরাধ স্বীকারের ভিত্তিতে দণ্ডাদেশ প্রদান করেন। এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, জনস্বার্থে এবং হাসপাতালের পরিবেশ শৃঙ্খলাবদ্ধ রাখতে দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১০৮ বার পড়া হয়েছে