সর্বশেষ

জাতীয়

তুরাগে তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় বাবার মামলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধারের ঘটনায় তিন দিন পর হত্যা মামলা করেছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। শুক্রবার রাতে উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন তিনি। মামলাটি তদন্ত করবে নৌ-পুলিশ। এদিকে তাহসিফের সঙ্গে সর্বশেষ থাকা বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে উত্তরখান থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় শুরু থেকেই মামলা করার বিষয়ে অনীহার কথা জানিয়েছিলেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। তবে ঘটনার তিন দিন পর শুক্রবার রাতে তিনি উত্তরখান থানায় ছেলেকে হত্যার অভিযোগে মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম। তিনি বলেন, তাহসিফকে হত্যার অভিযোগ এনে তাঁর বাবা একটি মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মামলাটি তদন্ত করবে নৌ-পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের পুলিশ সুপার মাসুমা আক্তার বলেন, মামলার তদন্তভার তাঁদের ওপর থাকবে। তবে এখনো তদন্তকারী কর্মকর্তা নির্ধারণ করা হয়নি।

মামলা করার কয়েক ঘণ্টা আগেও এনায়েতুল করিম মামলা করার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন। তাঁর ভাষ্য, মামলা করার অর্থ দেশে নানা ধরনের ঝামেলা ও আদালতে দৌড়াদৌড়ি। তিনি আশা করছেন, সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আন্তরিকতার সঙ্গে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে দায়িত্ব পালন করবে।

তাহসিফের বাবা বলেন, তাঁর ছেলে দেশের একজন পাইলট ছিলেন এবং দেশের জন্য সম্পদ ছিলেন। একজন সুনাগরিক হিসেবে তিনি চান, সরকার অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এ ঘটনার তথ্য উদ্‌ঘাটন করুক। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিকে তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে উত্তরখান থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে তাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, সে সম্পর্কে পুলিশ কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাননি।

তাহসিফের সঙ্গে ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত থাকার বিষয়টি সামনে আসার পর বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিন দিনেও মামলা না হওয়ায় তাঁকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা চলছিল। পরে শুক্রবার রাতে তাঁকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় আসা তাহসিফ সাউরির ভাসমান লাশ বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ-পুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে বাসার নিচে নেমে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তাহসিফ। বৃহস্পতিবার দীপ জানিয়েছিলেন, একটি রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান তিনি।

পরে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মাদক কেনাবেচার স্থান হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথাও স্বীকার করেন দীপ। পরে তাঁকে সঙ্গে নিয়ে শুক্রবার টঙ্গীর ওই এলাকা পরিদর্শন করেন পিবিআই কর্মকর্তারা।

দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় অবস্থানের সময় পুলিশের একটি দল তাঁদের ধাওয়া করে। তখন দীপ তুরাগ নদের তীরে বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের পেছনে গিয়ে লুকান। আর তাহসিফ নদে ঝাঁপ দেন। পরে সুযোগ বুঝে দীপ সেখান থেকে চলে যান। রাত আড়াইটার দিকে তিনি নিজের বাসায় ফেরেন বলে জানান ওই কর্মকর্তা।

গভীর রাতে দুজন কেন ওই এলাকায় অবস্থান করছিলেন, জানতে চাইলে পিবিআইয়ের এক কর্মকর্তা বলেন, বিষয়টি তাঁরা জেনেছেন। তবে সংবেদনশীল হওয়ায় আরও যাচাই-বাছাই করা হচ্ছে।

শুক্রবার পিবিআইয়ের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. এনায়েত হোসেন মান্নানও জানান, দীপের কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই করে দেখা হচ্ছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০