সিরাজগঞ্জে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় বাসচালকের যাবজ্জীবন
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৯:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে এক দশক আগের ১০৮ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধারের মামলায় এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় বাসের সুপারভাইজারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম রমজান আলী (৪২)। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিংগানগর এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিকে অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট ভোরে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ওই বাসের ড্যাশবোর্ডের ভেতর থেকে ৩ বোতল এক লিটার তরল ফেনসিডিল এবং একটি স্কুলব্যাগ থেকে আরও ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ চালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতুল ইসলামকে গ্রেপ্তার করে মামলা দায়ের করে।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আব্দুল লতিফ আকন্দ জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক নজরুল ইসলাম এ রায় দেন। তবে সুপারভাইজার রিফাতুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।
১২৬ বার পড়া হয়েছে