ভালুকায় বিএনপিকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, নারী আটক
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৫:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কয়ার মাস্টারবাড়ী এলাকার নারী উদ্যোক্তা সাথী আক্তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে আপত্তিকর বক্তব্য প্রদান করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে ওই নারীর কাছে ঘটনার ব্যাখ্যা দাবি করেন। এ সময় বাকবিতণ্ডা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
সংবাদ পেয়ে ভালুকা মডেল থানার একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের শান্ত করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই নারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।
১১২ বার পড়া হয়েছে