ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৬:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান আগামী ৬ নভেম্বর ঢাকায় আসছেন। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’-এ বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। এ সময় বাংলাদেশের ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন এই অভিনেতা।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের ঢাকা সফর ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ৬ নভেম্বর রাজধানীতে আসবেন তিনি। গুলশানে আয়োজিত ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’-এ অংশ নেওয়ার পাশাপাশি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন এই অভিনেতা।
আগামী ৪ থেকে ৮ নভেম্বর রাজধানীর গুলশান শুটিং ক্লাবে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন। বাংলাদেশ ও পাকিস্তানের লাইফস্টাইল পণ্য, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হচ্ছে।
আয়োজক প্রতিষ্ঠান পাকিস্তান লাইফস্টাইলের (পিএলএস) তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, বিয়ের সাজসজ্জার সামগ্রী, বিভিন্ন ধরনের লাইফস্টাইল পণ্য ও খাবার পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে বিলাল আব্বাসের মা ফারহানা সোহাইলও অংশ নেবেন। তিনি একজন ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী। মায়ের ব্যবসায়িক উদ্যোগকে সমর্থন জানাতেই মূলত বাংলাদেশ সফরে আসছেন বিলাল আব্বাস।
প্রদর্শনী শুরু হবে ৪ নভেম্বর। তবে বিলাল আব্বাস ঢাকায় পৌঁছাবেন ৬ নভেম্বর এবং ৮ নভেম্বর প্রদর্শনীর শেষ দিন পর্যন্ত অবস্থান করবেন। এ সময় মেলায় উপস্থিত হয়ে বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।
যেসব নাটকে অভিনয় করে পরিচিতি
পাকিস্তানের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ বিলাল আব্বাস খান। ‘ও রাংরেজা’, ‘চিঁক’, ‘প্যায়ার কে সাদকে’, ‘ডাঙ্ক’ ও ‘ইশক মুর্শিদ’-এর মতো নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। সম্প্রতি ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকেও অভিনয় করেছেন এই অভিনেতা।
পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও বিলাল আব্বাসের উল্লেখযোগ্যসংখ্যক ভক্ত রয়েছেন। ফলে তাঁর ঢাকা সফর এবং পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশনে উপস্থিতিকে ঘিরে ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
১১১ বার পড়া হয়েছে