গোপালগঞ্জে নিজের বাসের নিচে পিষ্ট হয়ে মালিকের মর্মান্তিক মৃত্যু
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ছিটকে পড়ে নিজের গাড়ির চাকায় পিষ্ট হয়ে এনায়েত শেখ (৬০) নামে এক বাস মালিক নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত এনায়েত শেখ জিএমএস পরিবহনের মালিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ‘জিএমএস পরিবহন’-এর বাসটি যাত্রী নামানোর উদ্দেশ্যে মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছায়। বাসটি থামানোর জন্য চালক ব্রেক করলে পেছন থেকে আসা ‘নড়াইল এক্সপ্রেস’-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
এ সময় জিএমএস পরিবহনের দরজায় দাঁড়িয়ে থাকা বাস মালিক এনায়েত শেখ ধাক্কার তীব্রতায় ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। মুহূর্তের মধ্যেই নিজ বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে তিনি মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এনায়েত শেখের বাড়ি কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
১০৯ বার পড়া হয়েছে