পঞ্চগড়ে নামছে তাপমাত্রার পারদ, তেঁতুলিয়ায় ১৬.১ ডিগ্রি সেলসিয়াস
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে দিনে চড়া রোদ থাকলেও সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। দেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এর পাশাপাশি মাঝরাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সোমবার সকালে জেলায় মৌসুমের নিম্নমুখী তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়। এর আগের দিন রবিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাসের সাথে হালকা কুয়াশা ঝরতে শুরু করে। ভোরের দিকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সড়ক ও মহাসড়ক, ফলে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, দিন ও রাতের তাপমাত্রার ফারাকের কারণে বর্তমানে দিনে কিছুটা গরম থাকলেও রাতে শীত অনুভূত হচ্ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে শীতের প্রাদুর্ভাব ক্রমশ বাড়তে পারে।
১১৬ বার পড়া হয়েছে