ঘিওরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং গ্রাম-বাংলার আবহমান ঐতিহ্য ফিরিয়ে আনতে মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট হা-ডু-ডু প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে স্থানীয় সিংজুরি ইউনিয়নের দেউভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। হারিয়ে যেতে বসা গ্রামীণ এ খেলাটি দেখতে আশপাশের কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক উৎসুক দর্শনার্থী ভিড় জমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে ঐতিহ্যবাহী এই খেলাটির শুভ উদ্বোধন করেন ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে সঠিক পথে রাখতে খেলাধুলার মাঠে নিয়ে আসতে হবে। তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানানোর পাশাপাশি এলাকার কাঁচা রাস্তাগুলো আগামী তিন মাসের মধ্যে সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি।
আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে এবং রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে ঘিওর ও শিবালয় উপজেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় মুখোমুখি হয় 'কামারজাগী ভোরের আলো যুব সংঘ' এবং 'বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব'। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২ পয়েন্টের ব্যবধানে কামারজাগী ভোরের আলো যুব সংঘ জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে আকর্ষণীয় ট্রফি তুলে দেওয়া হয়।
১১০ বার পড়া হয়েছে