মেসির হাতে উঠছে স্পেনের রাজপরিবারের মর্যাদাপূর্ণ পুরস্কার
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৮:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রথমবারের মতো স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে দেশটিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হওয়া আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদোতে রাজপরিবারের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করবেন।
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির অর্জনের মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। স্পেনের রাজপরিবারের পক্ষ থেকে দেওয়া মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’-এর ২০২৬ সালের ক্রীড়া বিভাগের পুরস্কার গ্রহণ করবেন তিনি। ৪৩ বছরের ইতিহাসে এবারই প্রথম একক কোনো ফুটবলার হিসেবে এই সম্মাননা পাচ্ছেন মেসি।
আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদো শহরের ঐতিহাসিক তেয়াত্রো কাম্পোয়ামোর প্রেক্ষাগৃহে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়ার উপস্থিতিতে মেসির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
১৯৮১ সালে যাত্রা শুরু করে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড। বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ মোট আটটি বিভাগে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন প্রতিবছর এই সম্মাননা প্রদান করে।
পুরস্কার হিসেবে বিজয়ীদের দেওয়া হয় বিখ্যাত স্প্যানিশ শিল্পী হুয়ান মিরোর নকশা করা একটি স্মারক ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্য।
এর আগে গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরিবোর্ডের আনুষ্ঠানিক ঘোষণায় ২০২৬ সালের ক্রীড়া বিভাগের বিজয়ী হিসেবে মেসির নাম প্রকাশ করা হয়। মাঠে তাঁর অসাধারণ সাফল্য, ধারাবাহিক পারফরম্যান্স ও বিনয়ের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের দাতব্য কার্যক্রম জুরিদের বিবেচনায় গুরুত্ব পায়।
বিশ্বজুড়ে মনোনীত ২৭ জন খ্যাতনামা ব্যক্তিত্বের মধ্য থেকে মেসিকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়। ফুটবলে দীর্ঘদিনের সাফল্য এবং মাঠের বাইরের মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।
১২৮ বার পড়া হয়েছে