সর্বশেষ

সারাদেশ

সাজেকে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ, সেনাসদস্যসহ আহত কয়েক

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাঘাইহাটের গঙারাম এলাকায় এ ঘটনা ঘটে। এতে একজন সেনাসদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। অবরোধের কারণে সাজেক পর্যটন কেন্দ্রে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপত্তা দিয়ে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ছয় দিন বিরতির পর আবারও অবরোধ কর্মসূচি শুরু করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকাল থেকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে বাঘাইহাট হয়ে সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করেন অবরোধকারীরা। এতে সাধারণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আজ সকাল ১১টার দিকে বাঘাইহাটের গঙারাম এলাকায় অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। অবরোধের সময় সড়কে অবস্থান নিয়ে অবরোধ সমর্থকেরা তাণ্ডব চালান বলে জানা গেছে। জনদুর্ভোগ এড়াতে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে।

এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়েন অবরোধকারীদের সঙ্গে থাকা স্থানীয় সন্ত্রাসীরা। এতে একজন সেনাসদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, বর্তমানে সাজেকের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অবরোধের আড়ালে কিছু সন্ত্রাসী পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তোলে। এ ঘটনায় সংঘর্ষের সূত্রপাত হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির টহল দলের পাহারায় সাজেক পর্যটন কেন্দ্র থেকে পর্যটকবাহী গাড়িগুলো ছেড়ে আসে। অবরোধের কারণে আগের দিন সাজেকে যাওয়া প্রায় তিন হাজার পর্যটক সেখানে আটকা পড়েছিলেন।

এদিকে পরিস্থিতি বিবেচনায় সাজেকে ভ্রমণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করেন।

অবরোধ আহ্বানকারী সংগঠন দুটির যৌথ বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এবং বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির অনুরোধে গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় পূর্বঘোষিত আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে আবারও সড়ক অবরোধ শুরু করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র সন্ত্রাসীদের উৎপাত বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০