কলাপাড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৬:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ১৭টি মণ্ডপে যথাযোগ্য মর্যাদায় মধ্যরাতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। গতকাল বুধবার রাতে ঢাকের বাদ্য আর সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলার প্রধান মন্দিরগুলোতে রাত আটটার দিকে শুরু হয় সিঁদুর খেলা ও আরতি। এ সময় ভক্তরা একে অপরকে সিঁদুর পরাণ এবং দেবীর চরণ স্পর্শ করে আশীর্বাদ প্রার্থনা করেন। দেবীর বিদায়বেলায় মণ্ডপে মণ্ডপে ধর্মীয় গান ও নাচে মেতে ওঠেন সনাতনী ভক্তরা, যদিও সবার মনেই বিরাজ করছিল বিষাদের ছায়া।
সনাতন বিশ্বাস অনুযায়ী, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রতিবছর এ তিথিতে দেবী দুর্গার আবাহন করা হয়। পূজা উদযাপন কমিটির নেতারা জানান, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় পুরো উপজেলায় আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপিত হয়েছে।
শ্রীশ্রী জগন্নাথ আকড়া বাড়ির সাধারণ সম্পাদক বিসু সেন জানান, কলাপাড়া উপজেলার ১৭টি পূজা মণ্ডপের প্রতিটি স্থানেই অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ ধর্মীয় উৎসব সম্পন্ন হয়েছে।
৩৯১ বার পড়া হয়েছে