ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় ট্রফির স্বপ্ন বাংলাদেশের
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ২:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের গুরুত্ব আগের তুলনায় কমলেও বাংলাদেশের সামনে এবার শিরোপা জয়ের বড় সুযোগ। আবুধাবিতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে আয়োজিত সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের আশা, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে ট্রফি জেতা সম্ভব। আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেও এই সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছে দল।
একসময় আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজ ছিল বেশ জনপ্রিয়। সময়ের সঙ্গে নানা প্রতিযোগিতার ভিড়ে এই সিরিজের আয়োজন ও গুরুত্ব কমেছে। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ত্রিদেশীয় সিরিজের রয়েছে বিশেষ তাৎপর্য। এই প্রতিযোগিতাতেই এখন পর্যন্ত একবার শিরোপা জিতেছে বাংলাদেশ।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাওয়ার আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়ে একবারই শিরোপা জিতেছে দলটি। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়ে ট্রফির সংখ্যা বাড়ানোর সুযোগ বাংলাদেশের সামনে।
আবুধাবিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন এই ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের অন্য দল আফগানিস্তান। প্রতিযোগিতায় বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়—অধিনায়ক লিটন দাসের বক্তব্যে সেই প্রত্যাশাই উঠে এসেছে।
লিটনের বিশ্বাস, দলের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সাফল্য পাওয়া সম্ভব। তিনি বলেন, ‘আপনি যদি দেখেন, এই দলটা অনেক ভালো ভালো সিরিজ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে। আমার কাছে মনে হয়, এই দলটায় অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আর সঙ্গে আমরা যারা সিনিয়র আছি—যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে সবকিছু সম্ভব।’
সামনে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। সেই প্রতিযোগিতার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ হিসেবে ত্রিদেশীয় সিরিজকে দেখছেন লিটন। তাঁর মতে, এই সিরিজে ভালো পারফরম্যান্স এশিয়া কাপের জন্য দলকে প্রস্তুত করতে সহায়তা করবে।
লিটন বলেন, ‘অবশ্যই এখানে বড় সুযোগ। আমার জন্য বড় সুযোগ অধিনায়ক হিসেবে। সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ আছে। এশিয়া কাপ বাংলাদেশে হবে। এটাই ভালো প্রস্তুতি হবে আমাদের জন্য। পাঁচ-ছয় দল খেলে এশিয়া কাপে। এখানে তিন দল। কাছাকাছি ব্যাপারই। যদি ভালো ক্রিকেট খেলি, তাহলে কেন নয় (চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ)?’
ত্রিদেশীয় সিরিজে শিরোপা জয়ের সুযোগ থাকলেও প্রতিযোগিতার ধরন অনুযায়ী চাপও বেশি বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিপক্ষীয় সিরিজে একটি ম্যাচ হেরে গেলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। কিন্তু তিন দলের প্রতিযোগিতায় একটি হারই হিসাব-নিকাশ জটিল করে তুলতে পারে। সে ক্ষেত্রে রানরেটও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এ প্রসঙ্গে লিটন বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেললে একটা বাড়তি চাপ থাকে। তিনটা দলের জন্য একই রকম চাপ থাকবে যে ফাইনালে উঠতে হবে। আপনি যখন সিরিজ খেলেন, কোনো একটা চাপ আসে না, কারণ আপনি জানেন প্রথম ম্যাচ হেরে গেলেও একটা সুযোগ থাকে। কিন্তু এখানে হেরে গেলে রানরেটের বিষয় চলে আসে।’
তাই শিরোপার স্বপ্ন পূরণ করতে হলে শুরু থেকেই ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে বাংলাদেশকে। একই সঙ্গে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি প্রতিটি ম্যাচের ফল ও রানরেটের হিসাবও মাথায় রাখতে হবে দলকে।
১২৮ বার পড়া হয়েছে