সর্বশেষ

রাজনীতি

জামায়াতের কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্তে কমিটি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। একই সঙ্গে মহানগর কমিটির আমির কাজী দ্বীন মোহাম্মদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার মহানগর শাখা কার্যালয়ে সংঘটিত ঘটনা ও পরবর্তী পরিস্থিতি তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে দলটি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। এখন থেকে কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া বুধবারের ঘটনা তদন্তে গঠিত দুই সদস্যের কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে বুধবার সংঘটিত ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দলটির বিজ্ঞপ্তি অনুযায়ী, গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কুমিল্লা মহানগর জামায়াতের সংগঠন ও নেতৃত্ব বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী সময়ে কেন্দ্রের তত্ত্বাবধানে সেখানকার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

কুমিল্লা মহানগর জামায়াতের কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে।

এদিকে বুধবারের ঘটনা তদন্তে গঠিত দুই সদস্যের কমিটিতে রয়েছেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তাঁদের আগামী এক সপ্তাহের মধ্যে দলের আমিরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে শুক্রবার রাতে সদ্য বিলুপ্ত কুমিল্লা মহানগর কমিটির আমির কাজী দ্বীন মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত এরই মধ্যে জানতে পেরেছি। এখন থেকে কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে, এখানে দলের কার্যক্রম চলবে।’

প্রসঙ্গত, বুধবার রাতে কুমিল্লা নগরের গাংচর এলাকার ফারুকী হাউসে জামায়াতের কুমিল্লা মহানগর আমির নির্বাচনের প্রস্তুতি সভা চলাকালে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে রাখা মহানগর সেক্রেটারি মো. মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০