দর্শনায় পৌঁছাল ভারতের ১৮টি রেলকোচ
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে ভারত থেকে আনা ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ৩টার দিকে ভারতের গেদে সীমান্ত হয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নেওয়া হবে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। নতুন কোচ যুক্ত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেলযাত্রীদের সেবার মান বাড়বে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন যাত্রীবাহী কোচ যুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে প্রথম চালানে এসব কোচ আনা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহের চুক্তির আওতায় প্রথম দফায় চার ধরনের মোট ১৮টি কোচ দেশে এসেছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা এলাকা থেকে কোচগুলো পাঠানো হয়। পরে ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন ও গেদে সীমান্তে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর শুক্রবার বেলা ৩টার দিকে কোচগুলো দর্শনা রেলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
তিনি জানান, দর্শনায় কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ হলে কোচগুলো সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কারখানায় নেওয়া হবে।
রেলওয়ের স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের রাইটস লিমিটেড নামের সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ব্রডগেজ কোচ সংগ্রহ করছে বাংলাদেশ। চুক্তির আওতায় আসা প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি শীতাতপ নিয়ন্ত্রণবিহীন শোভন চেয়ার কোচ, তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, দুটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কোচ এবং দুটি শীতাতপ নিয়ন্ত্রিত পাওয়ার কার।
পাওয়ার কার দুটিতে বিশেষ নিরাপত্তা ও বহুমুখী ব্যবহারের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এগুলোতে রেলকর্মীদের জন্য পৃথক কামরা এবং সাধারণ যাত্রীদের মালামাল ও লাগেজ বহনের জন্য নির্ধারিত জায়গা রয়েছে।
রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে দর্শনা স্থলবন্দর দিয়ে ১৮টি ব্রডগেজ রেলকোচ বাংলাদেশে প্রবেশ করেছে। নতুন কোচগুলো যুক্ত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেলযাত্রীদের সেবার পরিধি বাড়বে। একই সঙ্গে রেলওয়ের আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
১২৭ বার পড়া হয়েছে