সর্বশেষ

জাতীয়

দুর্গাপূজা সর্বোচ্চ বরাদ্দ ও নিরাপত্তায় উদ্‌যাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
এবার শারদীয় দুর্গাপূজা সর্বোচ্চসংখ্যক মণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও নিরাপত্তার মধ্য দিয়ে সারা দেশে উদ্‌যাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চা ও ধর্মীয় আচার পালনের অধিকার নিশ্চিত করেছে।

এবার শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক মণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও নিরাপত্তার মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চা, উপাসনালয় নির্মাণ এবং কোনো ধরনের বৈষম্য ছাড়াই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে।

তিনি ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দবন্ধের পরিবর্তে ‘ধর্মীয় সম্প্রীতি’ ব্যবহারের ওপর গুরুত্ব দেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কেউ এখানে সম্প্রদায় হয়ে আসি নাই। দেশের আইন-কানুন বা সংবিধান কাউকে সম্প্রদায় হিসেবে চিহ্নিত করে না। আমরা সবাই বাংলাদেশের সমান অধিকারপ্রাপ্ত স্বাধীন নাগরিক।’

অতীতে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক স্বার্থে ও ভোটব্যাংক হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার নাগরিক হিসেবে সবার সমান অধিকারকে গুরুত্ব দেয়।

এবারের বনানী পূজামণ্ডপের মূল ভাবনা ‘জলজ’। দেশীয় সংস্কৃতি, উপকরণ ও ঐতিহ্যের আবহে সাজানো মণ্ডপের নান্দনিকতার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশীয় ঐতিহ্যে রূপায়িত এই আয়োজন অসাধারণ ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, নেপালের রাষ্ট্রদূত জ্ঞানশ্যাম ভান্ডারীসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যরা।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চেয়ারম্যান ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন)।

গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য স্বপ্না ভৌমিক। এতে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়।

মহাষষ্ঠীর শুভলগ্নে দেবী দুর্গার আগমনী গান, নৃত্য পরিবেশনা ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় শারদীয় বিশেষ সাময়িকী ‘বোধন’-এর মোড়ক উন্মোচন করা হয়।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০