জাহানারা আলমের জাতীয় দলে ফেরার ইচ্ছা, বিসিবির সঙ্গে যোগাযোগ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দুই বছর আগে হঠাৎ অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পর থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বাইরে রয়েছেন পেসার জাহানারা আলম। এবার আবার দেশের ক্রিকেটে ফিরতে চান তিনি। জাতীয় দলে ফেরার লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটেও খেলতে আগ্রহী এই ক্রিকেটার। নিজের ইচ্ছার কথা জানিয়ে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং প্রধান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।
দুই বছর ধরে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। এ সময়ে স্বীকৃত কোনো ক্রিকেটে অংশ নেননি তিনি। তবে আবারও দেশের ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন এই পেসার। জাতীয় দলে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটে খেলতেও রাজি আছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির নারী উইং প্রধান রফিকুল ইসলাম আজ জানান, ‘হ্যাঁ, সে আমার সঙ্গে যোগাযোগ করেছে। বিসিবির আরও কয়েকজনের সঙ্গেও কথা বলেছে। সে সবই (ঘরোয়া ক্রিকেটও) খেলতে রাজি আছে।’
২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন জাহানারা। অস্ট্রেলিয়ায় অবস্থানকালে বিভিন্ন অভিযোগ তুলে বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। বিসিবির নারী বিভাগের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পাশাপাশি জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে দলে গ্রুপিংয়ের অভিযোগ করেছিলেন এই ক্রিকেটার।
তবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি জাহানারা। বরং উপযুক্ত পরিবেশ পেলে আবারও জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেই ইচ্ছার কথা জানানোর পর এবারই প্রথম বিসিবির সঙ্গে যোগাযোগ করলেন তিনি।
জাহানারা এর আগে বিসিবিকে ১৩ পৃষ্ঠার একটি চিঠি দিয়েছিলেন। সেখানে নিগার সুলতানাসহ অনেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তিনি। ফলে যাঁদের সঙ্গে আগে বিরোধের অভিযোগ উঠেছিল, সেই দলেই তাঁর প্রত্যাবর্তনের পথ কতটা সহজ হবে, তা নিয়ে প্রশ্ন থাকছে। পাশাপাশি তাঁর ফেরার বিষয়ে দলের অন্য ক্রিকেটারদের প্রতিক্রিয়া কী হবে, সেটিও আলোচনায় আসতে পারে।
এ বিষয়ে বিসিবির নারী উইং প্রধান রফিকুল ইসলাম বলেন, ‘আমি কোনো গ্রুপিংয়ে বিশ্বাস করি না। অনেকের সঙ্গে অনেকের ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে এগুলো একেবারেই গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থে সব ক্রিকেটারের জন্যই দরজা খোলা আছে।’
অস্ট্রেলিয়ায় থাকার সময় স্বীকৃত কোনো প্রতিযোগিতায় না খেললেও সামাজিক যোগাযোগমাধ্যমে জাহানারার অনুশীলনের ভিডিও প্রায়ই দেখা গেছে। তবে জাতীয় দলে ফেরার সুযোগ পেতে হলে তাঁকে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। এ ক্ষেত্রে তাঁর ফিটনেস ও বর্তমান ফর্ম বিবেচনায় নেওয়া হবে।
এ কারণে জাহানারাকে আগে ঘরোয়া ক্রিকেটে ফেরার পরামর্শ দিয়েছে বিসিবি। তিনিও তাতে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
রফিকুল ইসলাম বলেন, ‘যে-ই জাতীয় দলে আসবে, তাকে যোগ্যতা দিয়েই আসতে হবে। যাদের যোগ্যতা আছে এবং ফিটনেস টেস্টে যাদের খেলার উপযোগী বলে মনে হয়, নির্বাচকেরা যদি মনে করেন তার জাতীয় দলে খেলার যোগ্যতা আছে; তাহলে খেলবে।’
জাতীয় দলে ফেরার বিষয়ে বিসিবির সঙ্গে যোগাযোগের ব্যাপারে জানতে মুঠোফোনে জাহানারা আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বাংলাদেশ নারী দলের হয়ে ৫২টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ ও ৮৩টি টি-টোয়েন্টি খেলেছেন জাহানারা। এর মধ্যে সাতটি টি-টোয়েন্টি ও দুটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ নারী দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।
১০৬ বার পড়া হয়েছে