ফেডারেশন কাপে রহমতগঞ্জকে ৩-১ গোলে বিধ্বস্ত করল চট্টগ্রাম সিটি
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফেডারেশন কাপ ফুটবলে পিছিয়ে থেকেও দুর্দান্ত এক জয়ে মাঠ ছেড়েছে নবাগত চট্টগ্রাম সিটি এফসি। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে রহমতগঞ্জকে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে হুলিও আলেহান্দ্রো মোরেনোর দল।
গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে প্রথমার্ধে কিছুটা আধিপত্য দেখায় রহমতগঞ্জ। ম্যাচের প্রথম ৩৮ মিনিট পর্যন্ত চট্টগ্রাম সিটির দুর্গ শক্ত থাকলেও ৩৯ মিনিটে সেটি ভেঙে যায়। চমৎকার এক আক্রমণে রহমতগঞ্জকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সাকিব ব্যাপারী। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ হাতছাড়া না হলে ব্যবধান আরও বাড়তে পারত।
তবে বিরতির পর সম্পূর্ণ ভিন্ন রূপে মাঠে নামে চট্টগ্রাম সিটি এফসি। ম্যাচের ৫৭ মিনিটে স্পট কিকে গোল করে দলকে সমতায় ফেরান জাফর ইকবাল। সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় চট্টগ্রাম। ম্যাচের ৬৫ মিনিটে কেনতা হারা দারুণ এক গোল করে চট্টগ্রাম সিটিকে ২-১ গোলে এগিয়ে দেন।
এর ৫ মিনিট পরই ম্যাচের ৭০ মিনিটে জাফর ইকবাল নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করে চট্টগ্রাম সিটির বড় জয় নিশ্চিত করেন। বাকি সময়ে প্রতিপক্ষ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় কামাল আহমেদ বাবুর শিষ্যদের।
এই জয়ের পর ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ'-র দ্বিতীয় স্থানে উঠে এসেছে নবাগত চট্টগ্রাম সিটি। অন্যদিকে সমান ম্যাচে ১টি ড্র ও ১টি পরাজয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রহমতগঞ্জ।
১২৮ বার পড়া হয়েছে