সর্বশেষ

জাতীয়

দুর্গাপূজায় নিরাপদে উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সবাই যেন নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে দুর্গাপূজার আনন্দ উদযাপন করেন।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি এসব কথা বলেন।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আগমন করেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন করেন, অশুভ শক্তির বিনাশ করেন এবং সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব বিশেষ তাৎপর্য লাভ করেছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবেন। এটি দেশের দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির সৌন্দর্যের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।

সব ধর্মের মূল শিক্ষার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই গুরুত্বপূর্ণ ভিত্তি। মানবতার কল্যাণও প্রতিটি ধর্মের অন্যতম প্রধান শিক্ষা। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি অনুসরণের পাশাপাশি মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। এর মধ্য দিয়েই সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের অবসানের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে শুরু হয়েছে দেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ।

দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সরকারের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে দেওয়া শুভেচ্ছাবার্তায় তারেক রহমান বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ। তিনি বলেন, ‘ধর্ম যার যার—রাষ্ট্র সবার।’

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০