গোপালগঞ্জে মহাষষ্ঠী পূজায় শুরু হলো শারদীয় দুর্গোৎসব
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
উৎসবমুখর পরিবেশে মহাষষ্ঠী পূজা ও কল্পারম্ভের মধ্য দিয়ে গোপালগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। জেলার ১ হাজার ২৮৮টি মন্দির ও মণ্ডপে ঢাকের বাদ্য, চণ্ডীপাঠ ও উলুধ্বনিতে দেবীকে আবাহন জানান ভক্তরা। সার্বজনীন কল্যাণ ও শান্তির প্রার্থনায় মণ্ডপে মণ্ডপে এখন বইছে উৎসবের আবহ।
শুক্রবার সকালে গোপালগঞ্জের মন্দিরগুলোতে বেলতলায় দুর্গা দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বেলতলায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে মর্ত্যলোকে শ্রীশ্রী দুর্গাদেবীকে আবাহন জানান সনাতন ধর্মাবলম্বীরা। পূজাকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপকে দৃষ্টিনন্দন প্যান্ডেল, তোরণ ও মনোরম আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে।
উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জ জেলা পুলিশ, প্রশাসন এবং আনসার বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। প্রতিটি গুরুত্বপূর্ণ মণ্ডপে আনসার ও পুলিশ বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ টিটুল মিয়া জানান, জেলার ১ হাজার ২৮৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোট ৮ হাজার ৫২৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি সাধারণ মন্দিরে ৬ জন ও গুরুত্বপূর্ণ মন্দিরে ৮ জন সদস্য মোতায়েন রয়েছেন। এর পাশাপাশি আনসার ব্যাটালিয়নের ৩টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহলে রয়েছে।
ভক্ত ও আয়োজকরা জানান, সব রকম প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করায় আনন্দঘন পরিবেশে ভক্তরা দেবীর দর্শন ও অঞ্জলি প্রদান করতে পারছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাংকপাড়া সার্বজনীন দুর্গামন্দির, দশআনা কালীবাড়ি ও কেন্দ্রীয় কালীবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছে আইন প্রয়োগকারী সংস্থা।
১২৬ বার পড়া হয়েছে