চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক উদ্ধার
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে বিপুল পরিমাণ ককটেল ও গানপাউডার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় ৯২টি জীবন্ত ককটেল এবং প্রায় ১১.৮ কেজি বিস্ফোরক তৈরির পাউডার। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এগুলো মজুত করেছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার গভীর রাতে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামে এক অভিযান চালানো হয়। এসআরবি-৫-এর সিপিসি-১ দল গোপন তথ্যের ভিত্তিতে এই তল্লাশি পরিচালনা করে।
অভিযানকালে আমবাগানটিতে তল্লাশি চালিয়ে ৯২টি ককটেল এবং ১১.৮ কেজি গানপাউডার সদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি ধারালো হাসুয়া ও ককটেল তৈরির নানা ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
১৩৩ বার পড়া হয়েছে