দিল্লিতে বিক্ষোভ
মেট্রো ও ইন্টারনেট সচল রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে মেট্রোরেল ও ইন্টারনেট সেবা সচল রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। রোববার (১১ অক্টোবর) মোদি সরকারকে দেওয়া এ নির্দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ ও চলাচলে বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সংবিধানের ১৯(২) অনুচ্ছেদের শর্ত মেনে চলার কথাও বলেছেন আদালত।
ভারতের রাজধানী দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা এ আন্দোলনে বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ।
বিক্ষোভকারীদের চলাচল ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সীমিত করার অভিযোগে করা আবেদনের শুনানি নিয়ে রোববার এসব নির্দেশ দেন ভারতের সর্বোচ্চ আদালত।
শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবীরা অভিযোগ করেন, শনিবারের বিক্ষোভ চলাকালে পুলিশের অভিযানে আইনজীবীসহ সাধারণ নাগরিকদের চলাচলে বাধা দেওয়া হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগও তোলা হয়।
আদালত বলেন, দিল্লির বিক্ষোভ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনা হবে। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের অসুবিধার মুখে না পড়েন, তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন বিচারকেরা।
এদিকে বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে রোববারও দিল্লির বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, সকাল ছয়টা থেকে পরিস্থিতি বিবেচনায় যানবাহনের গতিপথ পরিবর্তন করা হতে পারে।
নয়াদিল্লি ও মধ্য দিল্লির প্রায় ৩০টি স্থানে যান চলাচলে বিধিনিষেধ আরোপের প্রস্তুতি রাখা হয়েছে। এতে ওই এলাকার যাত্রী ও সাধারণ মানুষের চলাচলে প্রভাব পড়তে পারে।
শনিবার জন্তর মন্তরে প্রবেশ বন্ধ থাকায় আন্দোলনকারীদের একাংশ দিল্লি হাট এলাকায় জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিল। পরে সেখান থেকেও কয়েকজন আন্দোলনকর্মীকে আটক করা হয়।
দিল্লির বাইরে মুম্বাইয়েও সিজেপির আন্দোলনের সমর্থনে বিক্ষোভ হয়েছে। সেখানে পুলিশ আগস্ট ক্রান্তি ময়দান বন্ধ করে দেয়। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
১১৯ বার পড়া হয়েছে