ধোবাউড়ার জনগণ লকডাউন ব্রেকডাউন করেছে: প্রিন্স
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। এখন লকডাউনের নামে নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে দলটি। তবে ফ্যাসিস্টদের লকডাউন জনগণ ব্রেকডাউন করে দিয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত মোটরসাইকেল মিছিল ও পাঁচটি পৃথক পথসভায় এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।
উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর থেকে রাত পর্যন্ত চলা মোটরসাইকেল মিছিলটি ধোবাউড়ার ৩১ কিলোমিটার সীমান্ত সড়কসহ মোট ৫৫ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। ধোবাউড়া সদর, পোড়াকান্দুলিয়া, গামারীতলা, দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের বিভিন্ন সড়ক ও জনপদ ঘুরে মিছিলটি শেষ হয়।
মিছিল চলাকালে দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী গাছুয়াপাড়া, মুন্সিপাড়া, নয়াপাড়া, গলিভাঙ্গা, ভূঁইয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। ধোবাউড়া সদরেও একটি পথসভা হয়। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় লোকজন হাততালি ও স্লোগানের মাধ্যমে মিছিলকে স্বাগত জানান।
পথসভায় সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিজিবি ও প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করা হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।
বাঙালি, গারো ও হাজং সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে তিনি আরও বলেন, সীমান্তে উসকানি, অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকতে হবে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, সীমান্তকে ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না। কোনো সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। নাশকতা ও সন্ত্রাসে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, রক্ত, লাশ, আগুন, সন্ত্রাস, তাঁবেদারি ও ফ্যাসিবাদ দলটির রাজনীতির অনুষঙ্গ। ক্ষমতায় থাকাকালে তারা জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে জনগণের জানমালের ক্ষতি কিংবা দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাদের আইনের আওতায় আনতে হবে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ কোনো বিদেশি শক্তির ভূরাজনৈতিক দাবার গুটি নয়। প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমমর্যাদা ও সার্বভৌমত্বের ভিত্তিতে।
ধোবাউড়ায় শান্তি-শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও স্বাভাবিক জনজীবন বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
কর্মসূচিতে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, মাহবুবুল আলম বাবুল, আব্দুল ওয়াহেদ তালুকদার, হুমায়ুন কবির, জাকিরুল ইসলাম তালুকদার টোটন, গাজিউর রহমান ও আব্দুল মোমেন শহীন উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা যুবদলের আবুল কাশেম ডলার ও ফরহাদ আল রাজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন ও সদস্যসচিব সাইফুল ইসলাম পলাশ, তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি, মৎস্যজীবী দলের সভাপতি মিজানুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন।
১১৮ বার পড়া হয়েছে