খুলনায় ১৫ মিনিটে তিন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার খানজাহান আলী থানা এলাকায় মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনটি পৃথক স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) ভোররাতে এসব হামলার ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েকটি স্থানে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে চারটার দিকে শিরোমনি বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের আটরা-গিলাতলা ও ফুলতলা উপজেলা শাখার জানালা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জানালা ভেঙে বোমাটি কার্যালয়ের ভেতরে পড়ে আগুন ধরে যায়। পরে নৈশপ্রহরী ও পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রথম ঘটনার প্রায় ১০ মিনিট পর শিরোমনি বাজারসংলগ্ন বিআরটিসি বাস ডিপো লক্ষ্য করে আরেকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে বোমাটি ডিপোর বাইরে পড়ায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এর পাঁচ মিনিট পর শিরোমনি ল্যাটেক্স প্ল্যান্ট লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোমা প্ল্যান্টের বাইরের দেয়ালে লেগে পাশের ড্রেনের পানিতে পড়ে নিভে যায়। অন্যটি দেয়ালে আঘাত করে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় প্রতিষ্ঠানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বশার বলেন, গভীর রাতে মোটরসাইকেলে করে আসা দুই যুবক ১৫ মিনিটের ব্যবধানে তিনটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। খবর পেয়ে পুলিশ প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘটনাস্থলগুলোতে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এসব ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
১১৩ বার পড়া হয়েছে