সর্বশেষ

জাতীয়

দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের মাধ্যমে সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে প্রতিনিধিদলটি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, পরিবহন ও আবাসনসংক্রান্ত সমস্যাগুলো রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন। এ ছাড়া আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং গবেষণায় প্রণোদনা দেওয়ার বিষয়েও আলোচনা করেন তাঁরা।

প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান হলেও ছাত্রীদের জন্য আবাসিক হলের সংখ্যা তুলনামূলক কম। ফলে ছাত্রীদের আবাসনসংকট আরও প্রকট হচ্ছে। এ সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তাঁরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে রাষ্ট্রপতি বলেন, এ বিশ্ববিদ্যালয় তাঁর মতো সাবেক শিক্ষার্থীদের জন্য গর্বের জায়গা। এটি তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে প্রতিনিধিদলের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

দেশে উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষক ও শিক্ষা উপকরণ ছাড়াই বিভিন্ন কলেজে উচ্চশিক্ষার কার্যক্রম চালু করা হচ্ছে। এতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে সাবেক শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০