দীর্ঘ অপেক্ষার পর কুড়িগ্রাম জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হয়েছে কুড়িগ্রাম জেলা পরিষদ শিশুপার্ক। আধুনিক ও নান্দনিক সাজে সাজানো পার্কটি চালু হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ তৈরিতে ২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে পার্কটি আধুনিকায়ন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা পরিষদের আয়োজনে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদন ও খেলাধুলার বিকল্প নেই। কুড়িগ্রামের শিশুদের নির্মল আনন্দ এবং মেধার বিকাশের কথা বিবেচনা করেই পার্কটি নির্মাণ করা হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম। এ সময় জেলা মহিলা দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের অর্থায়নে শহরের ডায়াবেটিস হাসপাতালসংলগ্ন প্রায় ৭৩ শতক জমিতে ২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে পার্কটি আধুনিকায়ন করা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য এখানে স্থাপন করা হয়েছে সুইং চেয়ার, মিনি ইলেকট্রিক ট্রেন, অ্যাডভেঞ্চার কার, মেরি-গো-রাউন্ড, জেড কোস্টার, ওয়ান্ডার হুইল ও বাউন্সিং রাইডসহ বিভিন্ন আকর্ষণীয় উপকরণ।
দীর্ঘদিন পর পার্কটি চালু হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উদ্বোধনের পরপরই শিশু ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পার্ক প্রাঙ্গণ।
স্থানীয় বাসিন্দারা জানান, জেলা শহরে শিশুদের নিয়ে অবসর সময় কাটানোর মতো ভালো বিনোদনকেন্দ্রের অভাব ছিল। এ কারণে শিশুদের নিয়ে বাইরে ঘুরতে যেতে অভিভাবকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। নতুন করে পার্কটি চালু হওয়ায় সেই অভাব অনেকটাই পূরণ হবে বলে আশা করছেন তাঁরা।
উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
১১৯ বার পড়া হয়েছে