সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে পাসপোর্ট, ভূমি অফিস ও গ্রামীণ ব্যাংকে আগুন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে পাসপোর্ট অফিস, ভূমি অফিস ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) রাতে সদর ও রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। ধারাবাহিক এসব সহিংস ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় নিরাপত্তারক্ষীরা বিষয়টি টের পেয়ে গেলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে আগুনে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রাসেল আহমেদ শাহীন জানান, দুর্বৃত্তরা কাচের বোতলে কেরোসিন ভরে অফিসের প্রধান ফটকের ভেতরে নিক্ষেপ করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলাকারীরা ঢাকা-সিলেট মহাসড়কের পরিবর্তে পেছনের একটি গলি ব্যবহার করায় সিসিটিভি ক্যামেরায় তাদের ধরা সম্ভব হয়নি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন বলেন, পাসপোর্ট অফিসে আগুন নিক্ষেপের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, রাত আনুমানিক তিনটার দিকে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই রাতে উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন ভূমি অফিসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

উত্তর বাখরনগর গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদিন জানান, রাত দুইটার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতের আঁধারে মশাল মিছিল বের করা হয়। স্থানীয় সূত্রের দাবি, এসব কর্মসূচি ও সহিংস ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। তবে এ বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০