সর্বশেষ

সারাদেশ

পদ্মা সেতু রুটে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, বিকল্প রুটে চলাচল

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে আবারও বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিকল্প হিসেবে যশোর-মাগুরা ও আরিচা রুট দিয়ে বাস চলাচল করছে। এতে প্রায় ৮০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের। পাশাপাশি বাড়তি ভাড়া ও সময়ক্ষেপণে ভোগান্তিতে পড়েছেন তাঁরা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে যাত্রী ও পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু রুট এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকেরা।

খুলনা জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. মোকাম্মেল হোসেন বলেন, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থেই পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে যাত্রীরা ঢাকায় যাতায়াত করতে পারছেন।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল সোমবার বিকেল থেকে পদ্মা সেতু রুটে আবারও বাস চলাচল শুরু হতে পারে।

খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে যাত্রী ও পরিবহনের নিরাপত্তা বিবেচনায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে রোববার (২৯ নভেম্বর) পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সেতু এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

বর্তমানে খুলনা থেকে ঢাকাগামী বাসগুলো যশোর-মাগুরা ও আরিচা রুট ব্যবহার করছে। এতে স্বাভাবিক পথের তুলনায় প্রায় ৮০ কিলোমিটার বেশি চলতে হচ্ছে। ফলে যাত্রীদের অতিরিক্ত সময় ও ভাড়া গুনতে হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা পড়েছেন বেশি ভোগান্তিতে।

এর আগে গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় ১৮ নভেম্বর বুধবার বিকেল থেকে খুলনা-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। ওই দিন সন্ধ্যায় কিছু পরিবহন যশোর-আরিচা-ঢাকা রুটে চলাচল করলেও পরদিন ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-খুলনার সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০