সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে পরীক্ষার কেন্দ্র স্থানান্তর, এমএফএস বন্ধ নিয়ে আইনি নোটিশ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ২০২৬ সালের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষাসহ কারিগরি শিক্ষার কয়েকটি পরীক্ষার কেন্দ্র মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অন্যদিকে, জেলায় বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল আর্থিক সেবার লেনদেন পাঁচ দিন ধরে বন্ধ থাকায় বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব সেবা চালুর দাবি জানানো হয়েছে।

গোপালগঞ্জে ২০২৬ সালের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষাসহ কারিগরি শিক্ষার কয়েকটি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মাদারীপুর ও ফরিদপুর জেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এতে বাড়তি যাতায়াত ব্যয় ও সময় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র স্থানান্তরের বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রকেরা এ বিষয়ে পত্র জারি করেছেন বলে জেলা প্রশাসন নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজ, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে মাদারীপুরের রাজৈর উপজেলায়। অন্যদিকে, কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে।

এ ছাড়া গোপালগঞ্জ সদর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। জেলার আলিম সম্পূরক পরীক্ষার্থীদেরও মাদারীপুরের নির্ধারিত কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে।

কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক একটি ইস্যুকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হলেও এর ভোগান্তি পোহাতে হবে সাধারণ শিক্ষার্থীদের।

অভিভাবকদের আশঙ্কা, দূরবর্তী কেন্দ্রে যাতায়াতের জন্য বাড়তি অর্থ ও সময় ব্যয় করতে হবে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা আর্থিক চাপের মুখে পড়বেন। এ কারণে শিক্ষার্থীদের যাতায়াত, নিরাপত্তা ও আর্থিক বিষয় বিবেচনায় নিয়ে আগের মতো গোপালগঞ্জেই পরীক্ষার কেন্দ্র রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে কেন্দ্র স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পাঁচ দিন ধরে বন্ধ মোবাইল ব্যাংকিং

এদিকে গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত বুধবার (২৫ নভেম্বর) বিকেলের পর থেকে জেলার অনেক গ্রাহকের ব্যক্তিগত হিসাব সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে টাকা উত্তোলন, পাঠানো এবং জরুরি আর্থিক লেনদেন করতে পারছেন না তাঁরা।

এ পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের ঘটনায় বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (২৯ নভেম্বর) আরিফ শেখ নামের এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান এ নোটিশ পাঠান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক এবং ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালকের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর কোনো ধরনের পূর্বঘোষণা, ব্যক্তিগত বা গণবিজ্ঞপ্তি কিংবা সুনির্দিষ্ট আইনগত ও নিয়ন্ত্রক কারণ ছাড়াই বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড এবং ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন গোপালগঞ্জ জেলায় স্থগিত বা বন্ধ করা হয়েছে।

এতে জেলার প্রায় ১০ লাখের বেশি মানুষের আর্থিক সেবায় প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে। গ্রাহকেরা নিজেদের জমা অর্থ উত্তোলন, অন্যের কাছে টাকা পাঠানো, ইউটিলিটি বিল পরিশোধসহ দৈনন্দিন প্রয়োজনীয় আর্থিক লেনদেন করতে পারছেন না। আকস্মিকভাবে সেবা বন্ধ হওয়ায় সাধারণ মানুষ অর্থনৈতিক ও মানবিক দুর্ভোগে পড়েছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, বিকাশ, নগদ ও রকেট বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত ও নিয়ন্ত্রিত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। তাই বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস, ২০১৪ এবং বাংলাদেশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস রেগুলেশনস, ২০২২-সহ প্রযোজ্য বিধিবিধান ও গ্রাহক সুরক্ষাসংক্রান্ত নীতিমালা অনুসরণ করা প্রতিষ্ঠানগুলোর জন্য বাধ্যতামূলক।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, কোনো নির্দিষ্ট গ্রাহকের হিসাব বা লেনদেনে আইনগত, বিধিপালনসংক্রান্ত কিংবা অর্থপাচার প্রতিরোধসংক্রান্ত সন্দেহ তৈরি হলে প্রচলিত আইন অনুযায়ী ওই হিসাব যাচাই করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু নির্দিষ্ট আদেশ, আইনগত কারণ বা পূর্বনোটিশ ছাড়া একটি জেলার সব মানুষের আর্থিক সেবা একযোগে বন্ধ করে দেওয়া স্বেচ্ছাচারী ও অযৌক্তিক।

নোটিশে আন্তর্জাতিক ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থার নীতিমালার প্রসঙ্গ তুলে বলা হয়েছে, ঝুঁকি মোকাবিলার নামে কোনো অঞ্চল বা জনগোষ্ঠীকে ঢালাওভাবে আর্থিক সেবা থেকে বিচ্ছিন্ন করা উচিত নয়। বরং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সুনির্দিষ্ট, আনুপাতিক ও লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ ছাড়া বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১, ৪০ ও ৪২ অনুচ্ছেদের উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, এসব অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয় লাভ, পেশা ও ব্যবসার স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, প্রবাসীদের পরিবারসহ সাধারণ নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।

২৪ ঘণ্টার মধ্যে সেবা চালুর দাবি

জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে নোটিশে বাংলাদেশ ব্যাংককে কয়েকটি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের কারণ সরেজমিনে ও সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে তদন্ত করা এবং বিকাশ, নগদ ও রকেটকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলার সাধারণ ও নির্দোষ গ্রাহকদের হিসাব ও আর্থিক লেনদেন সম্পূর্ণ সচল করার নির্দেশ দেওয়া।

পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট লিখিত অনুমোদন ও প্রচলিত আইনগত বিধান ছাড়া কোনো নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীর মোবাইল ব্যাংকিংসহ আর্থিক সেবা ঢালাওভাবে বন্ধ না করার বিষয়ে বাধ্যতামূলক নির্দেশনা জারির দাবি জানানো হয়েছে।

সেবা বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এ বিষয়ে নেওয়া পদক্ষেপ ও সংশ্লিষ্ট আদেশের অনুলিপি আবেদনকারীকে দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরিফ শেখের পক্ষে সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০