সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে ৯৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯৩ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ২৮৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা জোরদার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি চালাচ্ছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, এ রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এবং ১১৬টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে।

বিভিন্ন অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি এবং ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি।

এ ছাড়া জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪ হাজার ৬৯০ বোতল বিদেশি মদ, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২২০ দশমিক ৬৭৬ কেজি গাঁজা, ৮৫ হাজার ৬১০ পিস ইয়াবা, ১ হাজার ৯৮৮ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২৪ হাজার ৯৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ৩০ হাজার ৩৮৪ পিস বিভিন্ন ধরনের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।

এদিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে। এসব অভিযানে ৬ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ১২১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, দুটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, ৯ হাজার ২৫০ কেজি সার এবং অন্যান্য চোরাচালানি পণ্য।

এ ছাড়া ৯৭১ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৬ বোতল ফেনসিডিল, ১১২ দশমিক ৬২৮ কেজি গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা এবং ১ লাখ ৫১ হাজার ৮৭৮ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।

মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানব পাচার ও অবৈধ পারাপার ঠেকাতেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ জন্য ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে হ্যালোজেন ও সার্চলাইট স্থাপন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোর রিজিয়নের আওতাধীন বিজিবি ইউনিটগুলো দায়িত্ব পালন করছে। বিশেষ করে গোপালগঞ্জের চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছেন বিজিবি সদস্যরা।

প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ছাড়া ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধে নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সীমান্তকে অপরাধমুক্ত রাখতে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনে বিজিবি সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে বাহিনীটি।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০