সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান আটক, জিম্মি জেলে উদ্ধার

রেজা মাসুদ, মোংলা
রেজা মাসুদ, মোংলা

সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনে পৃথক অভিযানে কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় একনলা বন্দুক ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মুক্তিপণের জন্য জিম্মি করে রাখা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সুন্দরবনে বনদস্যু নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে এসব সাফল্য পেয়েছে কোস্ট গার্ড। গতকাল শনিবার (২৮ নভেম্বর) ও আজ রোববার (২৯ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে এসব উদ্ধার ও আটক করা হয়।

রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে কোস্ট গার্ডের ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথ অভিযান চালায়। খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মুক্তিপণের জন্য জিম্মি করে রাখা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় একটি কাঠের নৌকাও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের গভীরে পালিয়ে যান।

পরে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে আজ রোববার রাত ১টার দিকে দাকোপের মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। তিনি দাকোপ থানার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, আটক আসাবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এর আগে ২০২৪ সালের ১২ নভেম্বর তাঁকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও সুন্দরবনে ডাকাতি শুরু করেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এদিকে গতকাল শনিবার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন দোবেকির নিয়মিত টহল দল সাতক্ষীরার শ্যামনগর থানার আড়পাঙ্গাশিয়া নদীসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি করে ডাকাতদের রসদসহ নৌকাটি জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

পরে জব্দ করা নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, উদ্ধার করা জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক আসাবুর, জব্দ করা নৌকা ও অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে সরকারের নির্দেশনা, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে কোস্ট গার্ড।

এ ছাড়া সাংবাদিকদের ব্রিফিং করেন বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ রিফাত।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০