জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি ছাত্রীদের জমকালো সংবর্ধনা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি ছাত্রীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদানের পাশাপাশি দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। এছাড়াও জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম এবং জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, সুস্থ বিনোদন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় দীক্ষিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের মোট ৯৪ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। কৃতি ছাত্রীদের এই সাফল্যকে উদযাপন করতে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
১২৪ বার পড়া হয়েছে