জামালপুরে জমকালো আয়োজনে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৫:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুর শহরের পুরাতন পুলিশ লাইন্স মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা। স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং বিনোদনের খোরাক জোগাতে এই মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেসার্স মুনিয়া এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এবং সিরাজগঞ্জের নিসা ইভেন্ট ম্যানেজমেন্ট যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল আলম রাসেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য ব্যক্তিবর্গ। বক্তারা দেশীয় সংস্কৃতির বিকাশ ও স্থানীয় পণ্যের বাজার সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানিয়েছেন, এবারের মেলায় স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীদের জন্য অর্ধশতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহস্থালি সামগ্রী, হস্তশিল্প ও পোশাকের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য মেলা প্রাঙ্গণে নানা ধরণের আকর্ষণীয় রাইডের ব্যবস্থা রয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
১১৩ বার পড়া হয়েছে