হাম-ডেঙ্গুতে এক দিনে ১৪ জনের মৃত্যু
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং ডেঙ্গুতে ৮ জন মারা গেছেন। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে ১ হাজার ৩৯০ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিন ও ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩৬ জন। সব মিলিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪ জনে পৌঁছেছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকা বিভাগে ৫৩২ জন, চট্টগ্রামে ২৭৩, বরিশালে ১৩৯, খুলনায় ১৩২, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ৩৩, সিলেটে ১৫২ এবং রংপুরে ৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন।
এ সময় দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ২০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন করে, সিলেট ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৪৭ জন, বরিশালে ২০০, চট্টগ্রামে ২১৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১, খুলনায় ৩৭৬, ময়মনসিংহে ১১০, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৩৮ এবং সিলেটে ১৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) ১২৯ জন, খুলনায় ৫৭, ময়মনসিংহে ২৩, বরিশালে ২৫, চট্টগ্রামে ২৫, রাজশাহীতে ২১, রংপুরে ৬ এবং সিলেটে ৩ জন মারা গেছেন।
হাম ও ডেঙ্গুর সংক্রমণ—দুই ক্ষেত্রেই হাসপাতালে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের তথ্য অনুযায়ী, সংক্রমণ নিয়ন্ত্রণে রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পাশাপাশি জনসচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে