জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবি
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়।
ফরিদপুরের ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ।
সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অ্যাডভোকেট বশীর আহমেদ চৌধুরী, তৌহিদুল ইসলাম স্টালিন, মেহেদী হাসান মিঠু, বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলু খান, পলাশ খান, মাহফুজ খান বাদল, আনিসুর রহমান ও শামীমা বেগম। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গত চার বছর ধরে জসীম পল্লী মেলা বন্ধ থাকায় ফরিদপুরের সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। জসীম পল্লী মেলা শুধু ফরিদপুরের নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
তাঁরা আরও বলেন, মেলাকে কেন্দ্র করে সংস্কৃতিসেবীদের মিলন ঘটে। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের পণ্য ও হস্তশিল্প প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি হয়। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান ও আর্থিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হয়।
বক্তারা আগামী বছর থেকে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
পরে কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের কাছে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
১২২ বার পড়া হয়েছে