দুর্গাপূজায় ৩ দিনের ছুটির প্রজ্ঞাপন জারি, ১৭ অক্টোবর খোলা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৯:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটি সমন্বয়ের জন্য আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—ছুটি থাকবে। তবে এই ছুটি সমন্বয়ের লক্ষ্যে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে।
যারা ছুটির আওতায় থাকবেন না
প্রজ্ঞাপনে জরুরি পরিষেবায় নিয়োজিতদের ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা রয়েছেন।
হাসপাতাল ও জরুরি সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীদের ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে না।
এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও ছুটির আওতার বাইরে থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
১৪২ বার পড়া হয়েছে