সাটুরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৫ ব্যবসায়ীকে বিপুল জরিমানা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্যাসের অবৈধ মজুত, অতিরিক্ত মূল্যে বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ছানা তৈরির দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে তাঁদের মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার উপজেলার বিভিন্ন বাজার ও খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযান চলাকালে সাটুরিয়ার দরগ্রাম বাজারের মোকাদ্দেছ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, আবদুল্লাহ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মাছরাঙ্গা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদের বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি ও অবৈধ মজুতের প্রমাণ পাওয়া গেছে।
একই অভিযানে ক্ষতিকর ও ভেজাল উপকরণ দিয়ে মিষ্টির ছানা তৈরির অপরাধে ব্যবসায়ী হারাধন ঘোষকে ৩০ হাজার টাকা এবং জীবন ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এসব ছানা তৈরি করা হচ্ছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, বাজারে গ্যাসের কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দাম ঠেকাতে ডিলার পয়েন্ট ও খুচরা দোকানে এই তদারকি চালানো হয়। অভিযানে অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি ১২৫টি এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত সিলিন্ডারগুলো স্থানীয় সাধারণ ক্রেতাদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ তদারকি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা, স্যানিটারি পরিদর্শক এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা প্রদান করে।
১২৭ বার পড়া হয়েছে