নান্দাইলে কৃষক হত্যা মামলায় তিন সহোদরের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। বর্বরোচিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং অন্য ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত বুধবার এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ জন হলেন—আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া এবং আসাদুল। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, নান্দাইল উপজেলার চর ভোলামারি গ্রামের হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে দণ্ডপ্রাপ্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি স্থানীয় চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের একটি কাপড়ের দোকানে বসেছিলেন সবি। সে সময় পূর্বপরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নান্দাইল থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন। এরপর ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও আইনজীবীদের দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
ঘোষিত রায়ের সময় আসামিদের বড় অংশ আদালতে উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদুল বর্তমানে পলাতক রয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ.কে.এম. আমানউল্লাহ বাদল।
১২৫ বার পড়া হয়েছে