গোপালগঞ্জে মোটরবাইকের যন্ত্রাংশ চুরি নিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা জানান, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। গিমাডাঙ্গা গ্রামের রোমান শেখের মোটরসাইকেল থেকে দুই দিন আগে কিছু যন্ত্রাংশ চুরি হয়। পরে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে গওহরডাঙ্গা গ্রামের কয়েকজনকে শনাক্ত করেন রোমান।
এই চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তুহিন ও হাসান নামে দুইজনকে জিজ্ঞাসাবাদ করেন রোমান শেখ। এ নিয়ে প্রথমে টুঙ্গিপাড়া কলেজ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তা পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক আকার ধারণ করে।
একপর্যায়ে গওহরডাঙ্গা, শ্রীরামকান্দি এবং গিমাডাঙ্গা গ্রামের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল এবং কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ এবং জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, চুরির ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৩৩ বার পড়া হয়েছে