মমেকে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ‘ময়মনসিংহ মঞ্চের’ বিক্ষোভ
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত অগ্নিকাণ্ড, অব্যবস্থাপনা ও প্রাণহানির ঘটনার তদন্ত প্রতিবেদন অবিলম্বে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে নাগরিক সংগঠন 'ময়মনসিংহ মঞ্চ'। আজ মঙ্গলবার হাসপাতাল গেটের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা এই দাবি জানান এবং প্রতিবেদন ধামাচাপা দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ময়মনসিংহ বিভাগসহ আশপাশের কয়েকটি জেলার লাখো মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল। তবে বছরের পর বছর ধরে চলা অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ রোগীরা এখানে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর মাঝেই গত ১৪ সেপ্টেম্বর হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় লিফট কন্ট্রোল রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডের সময় তীব্র আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে বেশ কয়েকজন হতাহত হন। ভবনের পাঁচটি সিঁড়ির মধ্যে মাত্র একটি সচল থাকায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন শুরু থেকেই এই হতাহতের ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে দুইজনের মৃত্যুর খবর স্বীকার করতে বাধ্য হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
তদন্ত কমিটি একাধিকবার সময় বাড়িয়ে প্রতিবেদন জমা দিলেও তা প্রকাশে হাসপাতাল কর্তৃপক্ষের রহস্যজনক গড়িমসি তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। বক্তারা অভিযোগ করেন, এটি কোনো গোপনীয় বিষয় নয়; বরং ময়মনসিংহ অঞ্চলের লাখো মানুষের নিরাপত্তা ও অধিকারের সাথে জড়িত। তাই অবিলম্বে সংবাদ সম্মেলন ডেকে এই প্রতিবেদন জনসাধারণের সামনে উন্মুক্ত করতে হবে।
বিক্ষোভ সমাবেশে ময়মনসিংহ মঞ্চের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বেদনাদায়ক ঘটনাটি ধামাচাপা দেওয়া হলে হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি আরও বৃদ্ধি পাবে। তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি। ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে স্থানীয় বিশিষ্ট নাগরিক ও সংগঠকেরা বক্তব্য রাখেন।
১৪২ বার পড়া হয়েছে