থানচিতে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঁশ রোপণ এলাকা পরিদর্শন
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতিনির্ভর সমাধান (এনবিএস) এগিয়ে নিতে বান্দরবানের থানচি উপজেলায় প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার বাঁশের চারা রোপণ করেছে গিভ বাংলাদেশ। সিএনআরএসের সঙ্গে যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে প্রকৃতিনির্ভর সমাধান এগিয়ে নিতে বান্দরবানের থানচি উপজেলায় বাঁশ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। গিভ বাংলাদেশ ও সিএনআরএসের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার বাঁশের চারা রোপণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সিএনআরএস ফেলোশিপ প্রোগ্রামের আওতায় কর্মরত বান্দরবান বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী উপজেলার বসিরাম পাড়া, কাইটন পাড়া ও কুংলা পাড়ায় বাঁশ রোপণ করা এলাকাগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থী শিমল তঞ্চঙ্গ্যা, বিমল তঞ্চঙ্গ্যা, চন্দ্রিমা বড়ুয়া ও নুপুর ত্রিপুরা রোপণ করা বাঁশের চারার বর্তমান অবস্থা ও বৃদ্ধির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বাঁশ রোপণ ও সংরক্ষণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় শিক্ষার্থীরা বাঁশ চাষে স্থানীয় মানুষের অংশগ্রহণ, তাঁদের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে জানতে চান।
সংশ্লিষ্টরা জানান, মাঠপর্যায়ে এ ধরনের পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা, বাঁশভিত্তিক জলবায়ু কার্যক্রম এবং প্রকৃতিনির্ভর সমাধান সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
তাঁরা বলেন, পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমে স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এসব উদ্যোগ আরও কার্যকর হবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১২৭ বার পড়া হয়েছে